বগুড়ায় সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর বগুড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ। তিনি জানান, শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনির প্রায় দুই কিলোমিটার এলাকা ঘিরে অন্তত ১০০টি বাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানে উদ্ধার করা হয় ৩ হাজার বোতল চোলাই মদ, ১৫০ গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, ৩০টি দেশীয় অস্ত্র ও নগদ এক লাখ টাকা।
অভিযান চলাকালে এক নারীসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য এবং আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সেনাবাহিনী বদ্ধপরিকর।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

0 coment rios: