নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৫, শিবগঞ্জ, বগুড়া।
একজন পুরুষ যখন সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ পেরিয়ে ঘরে ফেরে, তখন তার হৃদয়ের একমাত্র চাওয়া—একটুখানি শান্তি। রাস্তাঘাটের কোলাহল, অফিসের কাজের চাপ, নানারকম মানুষের সঙ্গে মানিয়ে চলার ক্লান্তি—সবকিছু মিলিয়ে তার মনটা তখন বিশ্রামের আশায় পথ চায়।
একইভাবে, একজন নারী ঘরে বসেই সারাদিনের অক্লান্ত শ্রম দেন—রান্না, সন্তানের দেখভাল, ঘর গোছানো, সংসারের হাজারো টুকিটাকি কাজ। তার কাঁধেও চাপ কম নয়। কিন্তু যদি একজন স্ত্রী বুঝতে পারেন—তার স্বামীও প্রতিদিনের যুদ্ধ শেষে ঘরে ফেরে ভরসা খুঁজে—তাহলে সংসারটা হয়ে উঠতে পারে আরও একটু সহজ, আরও একটু সুন্দর।
বিশেষজ্ঞদের মতে, দাম্পত্য জীবনে বোঝাপড়া ও সহানুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক যেমন একজন স্বামী যদি স্ত্রীর শ্রমকে সম্মান করেন, তেমনি একজন স্ত্রী যদি স্বামীর মানসিক অবস্থা বুঝে একটু প্রশান্তির সময় দেন—তাহলেই তৈরি হতে পারে ভালোবাসা ও সহমর্মিতার ভিত্তি।
তাই পরামর্শ দেওয়া হয়, একজন স্ত্রী যেন চেষ্টা করেন—স্বামী ঘরে ঢোকার পরের প্রথম ১ ঘণ্টা তার জন্য একটু নিরব প্রশ্রয় রেখে দেওয়ার। না থাকুক কোনো অভিযোগ, না থাকুক কোনো তাগাদা। বরং থাকুক একটা গ্লাস পানি, একটুখানি হাসি, আর আন্তরিক একটি প্রশ্ন—“কেমন কাটল দিনটা?”
এমন ছোট ছোট মুহূর্তই একে অপরকে বোঝার ভিত গড়ে দেয়। স্বামী বুঝতে পারেন—এটাই তার আশ্রয়, তার ভালোবাসার জায়গা। আর স্ত্রীও টের পান—এই স্বল্প সময়ের বিনিময়ে সারাদিনের ক্লান্ত পুরুষটা হয়ে উঠেছে আরও বেশি মনোযোগী, আরও বেশি আন্তরিক।
দাম্পত্য জীবনের প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জে ভরা। কিন্তু এক ঘণ্টার এই ভালোবাসাময় উদ্যোগ দম্পতির মধ্যে বিশ্বাস, সম্মান ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করতে পারে।
পরিশেষে, বলা যায়—ভালোবাসার বাড়ি তৈরি হয় ইট, পাথর দিয়ে নয়; বোঝাপড়া, সহানুভূতি আর কিছু ছোট্ট চেষ্টার মধ্য দিয়েই।
ভালো থাকুক সব দম্পতি। ভালোবাসায় ভরে উঠুক সব সংসার।

0 coment rios: